রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

| ৭ নভেম্বর ২০২৬






