গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রিপুরা সম্প্রদায়ের তিন সংগঠন
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে সংঘটিত সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, আর্থিক সহায়তা প্রদান ও প্রয়োজনীয় জরুরি উপকরণ হস্তান্তর করেছে ত্রিপুরা জনগোষ্ঠীর তিন সংগঠনের যৌথ প্রতিনিধি দল। সংগঠনগুলো হলো— বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিওয়াইকে) এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ)।
শনিবার (১১ অক্টোবর) সকালে পরিদর্শন টিমের নেতৃত্ব দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন— গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, স্থানীয় মৌজা প্রধানসহ ত্রাণ সংগ্রহ কমিটির নেতৃবৃন্দ। টিমের সদস্যরা ক্ষতিগ্রস্ত দোকানী ও পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল নামে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, অবরোধ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্বত্য জেলায়।
পরিস্থিতি উত্তপ্ত থাকাকালে ২৭ সেপ্টেম্বর ভোরে গুইমারায় ১৪৪ ধারা অমান্য করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুলিতে তিনজন নিহত হন এবং স্থানীয় স্বনির্ভর বাজার ও আশপাশের কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে।
পরিদর্শন শেষে শনিবার বিকেলে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা উপজেলা শাখা কার্যালয়ে “বর্তমান সমসাময়িক পরিস্থিতি” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা।

সভায় বিটিকেএস কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বিটিকেএস দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা, গুইমারা ইউপি প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, বিটিজেকেএস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা ও টিএসএফ সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, “সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য অভিভাবক ও সচেতন নাগরিকদের সতর্ক থাকতে হবে।”
তারা আরও বলেন, “কোনো গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ালে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা গুজব ছড়িয়ে কেউ যেন পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

| ২৩ নভেম্বর ২০২৬










