দীঘিনালায় জলবায়ু ও পরিবেশ বিষয়ে আলোচনা সভা
রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০সেপ্তেম্বর উপজেলা হল রুমে ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (Youth Development for Sustainable Bangladesh)-এর উদ্যোগে ‘CHT Climate Declaration 2026’ কর্মসূচির আওতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (WAO)।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কারবারি ও বিভিন্ন পর্যায়ের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য রক্ষা, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম এবং রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যাসহ সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

| ২০ সেপ্টেম্বর ২০২৬











