পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ৩টি কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের ৩টি কমিটি গঠন’কে স্বাগত জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করেছে।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি জনপদের দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়িত হবে। খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা ব্যক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি এবং পরামর্শক কমিটি গঠনের সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা। তিনি বলেন, নবগঠিত তিনটি কমিটি পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পাহাড়ি জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এই কমিটিগুলো সহায়ক হবে।
মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন। সরকারের এই গঠনমূলক ও উন্নয়নমুখী কাজের সাথে সবসময় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু মারমা, সদর উপজেলা সভাপতি মংখই মারমা, সাধারণ সম্পাদক থৈইউ মারমা, জেলা আহ্বায়ক কমিটি যুব ঐক্য পরিষদ অংগ্য মারমা, জেলা মহিলা মারমা ঐক্য পরিষদের সভানেত্রী চাইঞাং মারমা প্রমূখ।

| ২০ সেপ্টেম্বর ২০২৬











