গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়ি পৌরসভার জনসেবায় গাফিলতিতে: আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

বাঘাইছড়ি পৌরসভার জনসেবায় গাফিলতিতে: আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নাগরিক সেবা কার্যক্রমে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। ২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষিত হলেও এখানে জনসেবামূলক কার্যক্রম প্রায় নেই বললেই চলে। বিশেষ করে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা ও অনিয়ম।

সাম্প্রতিক ঈদুল ফিতরের আগে পৌর এলাকার চৌমুহনী বাজারে একদিন ময়লা পরিষ্কার করতে দেখা যায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের। তবে কাজটি নিয়মিত কিংবা পরিকল্পিত ছিল না, ছিল একদিনের লোকদেখানো উদ্যোগ। পরিষ্কারের পরপরই কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে “ঈদ বোনাস” দাবি করতে দেখা যায়। ভুক্তভোগীদের অভিযোগ— এটি বোনাস নয়, চাঁদাবাজির শামিল। কারণ, এরা সবাই পৌরসভার বেতনভুক্ত কর্মচারী।

আজ আবার কিছু অংশে ময়লা পরিষ্কার করতে দেখা গেছে, তবে সব দোকানের সামনের আবর্জনা অপসারণ করা হয়নি। কোথাও কোথাও আগের ময়লা রেখে গিয়েছে গার্বেজ ট্রাক। তিন মাস পর আকস্মিক এই পরিষ্কার অভিযান কেন চালানো হলো, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এই দীর্ঘ সময় ধরে চৌমুহনী বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ীরা নিজেদের দোকানের সামনের ময়লা নিজেরাই সরিয়ে ফেলছেন। কেউ রাস্তার পাশে, কেউবা সরাসরি পুকুরে ফেলে দিচ্ছেন। ফলে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে।

পৌর এলাকা হিসেবে বাঘাইছড়ির পরিবেশ অন্য এলাকার চেয়ে উন্নত হওয়া উচিত। এখানকার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত তদারকি থাকা আবশ্যক। জনস্বার্থে প্রতিটি ওয়ার্ডের জন্য নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান নির্ধারণ করতে হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনার জন্য রিসাইক্লিং ব্যবস্থা চালু করা জরুরি।

স্থানীয় নাগরিকদের প্রশ্ন — পৌরসভার গঠনের এতদিন পরও কেন এমন নাজুক পরিস্থিতি বিরাজ করছে? সময় এসেছে প্রশাসনের ঘুম ভাঙানোর। জনসেবাকে মুখ্য করে একটি কার্যকর পৌরসভা গঠনে পদক্ষেপ নেওয়া এখনই জরুরি।

কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ

বাঘাইছড়ি পৌরসভার জনসেবায় গাফিলতিতে: আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাই ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত অফিস কাম ডরমিটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মাতৃগাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাতৃগাছ থেকে অধিক পরিমাণে উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।​

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের এসডিজি গ্রাম হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা ভ্রমণ করেন। সেখানে তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাইয়ের সৌজন্যে স্থানীয় কৃষকদের মাঝে মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের উচ্চ ফলনশীল জাতের সবজি চারা এবং কফি ও কাজুবাদামের চারা বিতরণ করেন।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক বলেন, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের সবজি এবং অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন। এর মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের চারা ব্যবহারের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়ি পৌরসভার জনসেবায় গাফিলতিতে: আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবনের স্থান পরিদর্শন

বাঘাইছড়ি পৌরসভার জনসেবায় গাফিলতিতে: আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×