রাঙামাটি মিলন বিহারে সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান উদ্বোধন
পাহাড় ও সমতলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মিলন মেলায় সৌহার্দপুর্ণ অংশগ্রহণ ঘটবে
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় রাঙামাটিতে প্রথমবারের মত উদ্ধোধন করা হয়েছে জাতীয় কঠিন চীবর দানোৎসব। আজ শুক্রবার (১০ অক্টোবর) সাড়ে পাঁচটায় রাঙামাটি শহরের মিলন বিহারে সংলগ্ন মাঠে দু’দিনব্যাপী এই জাতীয় কঠিন চীবর দানের ফিতা কেটে বেইন ঘর উদ্ধোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
পরে সমবেত পূণ্যার্থী ও বেইন তৈরী কর্মীরা পঞ্চশীল গ্রহন করেন। তারপর পার্বত্য উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা বেইনঘর ঘুরে দেখেন।
আয়োজক কমিটির তথ্য সূত্রে জানা যায়, সারারাত বেইন বুনন শেষে আগামীকাল সেই কঠিন চীবর ভিক্ষু সংঘের কাছে দান করা হবে। ঐতিহাসিক জাতীয় কঠিন চীবর দানানুষ্ঠানে সারাদেশ থেকে ৩ শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নিবেন। কক্সবাজার, টেকনাফ, রংপুর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রামসহ সমতলের ভিক্ষুসংঘ এবং পার্বত্য চট্টগ্রামের ১৬টি ভিক্ষুসংঘ (নিকায়) আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক রনজ্যোতি চাকমা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বৌদ্ধ ধমীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পাহাড় ও সমতলের সকল বৌদ্ধদের নিয়ে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ একটি ঐতিহাসিক অনুষ্ঠান হবে যা পাহাড় ও সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি সুদৃঢ় করবে উদ্ধোধনী অনুষ্ঠানে মিলন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাস্থবির, মিলন বিহারের আবাসিক ভিক্ষু শুভদর্শী মহাস্থবির, সংঘারাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু শীলজ্যোতি স্থবির রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। সম্প্রতিটাই হচ্ছে মূল জিনিস যেখানে আমরা সবাই পার্বত্য অঞ্চলে একসাথে থাকতে পারবো।

| ২২ নভেম্বর ২০২৬











