সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিলাইছড়িতে মিডওয়াইফ প্রশিক্ষণ সম্পন্ন
ছন্দ সেন চাকমা, রাঙ্গামাটি :
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে দুই সপ্তাহব্যাপী বিশেষ মিড ওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন (২৯ বীর)-এর উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গত ৬ সেপ্টেম্বর ২১ জন স্থানীয় নারী প্রশিক্ষণার্থীকে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুরজিত দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল রিয়াসাত রহমান ফারুকী বলেন, “পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত জনবলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই সপ্তাহের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে নিরাপদ মাতৃত্ব ও জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।” অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স এবং সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।

সাজেকে রুইলুই পাড়ায় গীর্জা ও লুসাই ক্লাবের দেয়াল নির্মাণ করে দিল সেনাবাহিনী






