রামগড়ে চোলাই মদসহ ওয়ারেন্টভুক্ত আসামি আটক
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন বোতলে থাকা চোলাইমদ ও একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে রামগড় বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. সহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটক ব্যক্তির নাম মো. শাহাদাৎ হোসেন (২৯)। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কানানাল এলাকার (৮ নম্বর ওয়ার্ড) মৃত জব্বার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শাহাদাৎ হোসেনের কাছ থেকে দুটি ‘MOJO’ বোতলে ২৫০ মিলিলিটার করে মোট ৫০০ মিলিলিটার চোলাইমদ, একটি ‘ROYAL TIGER’ বোতলে ২৫০ মিলিলিটার চোলাইমদ, একটি ফ্রেশ পানির বোতলে প্রায় ২০০ মিলিলিটার টাইগার ড্রিংকস ও চোলাইমদের মিশ্রণ এবং ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার একটি পানির বোতল জব্দ করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত পুরোনো একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর খাগড়াছড়ি-হ-১১-৬৭৪৮।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, আটক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। চোলাইমদ পাচারের সময় তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
ওসি আরও জানান, মামলার পর তাঁকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মাজেদ হোসাইন সামারি ট্রায়ালের মাধ্যমে শাহাদাৎ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রামগড়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ


