থানচিতে ৬০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
শীতের আগমনে দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবানের থানচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পর্যটক গাইড সংশ্লিষ্টরা। থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে ৬০টি হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগী ৬০টি পরিবারের প্রত্যেকের হাতে একটি করে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের শীতকালীন দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতির সভাপতি জওয়াইপ্রু মারমা (জয়) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশে), থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ক্লেমেন্ট ত্রিপুরাসহ উপকারভোগী ও গাইড সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার অনেক দরিদ্র পরিবার শীত মৌসুমে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়ে। বিশেষ করে হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পক্ষে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা কঠিন হয়ে ওঠে। শীতের তীব্রতা বাড়ার আগেই এসব পরিবারের পাশে দাঁড়ানোকে গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় পর্যটক গাইড সংশ্লিষ্টরা।

| ২৬ নভেম্বর ২০২৬













