রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেংগ্যা ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শিক্ষা, যোগাযোগ, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবার সংকট দীর্ঘদিন ধরে বিরাজ করছে। উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত এসব এলাকার বাসিন্দারা নিত্যদিন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ৪ নম্বর ওয়ার্ডের মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ডের যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালেংগ্যা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গালেংগ্যা বাগান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অবকাঠামোগত দুরবস্থার কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা জানান, অনেক ক্ষেত্রে শিক্ষকদের মাসের পর মাস বিদ্যালয়ে দেখা যায় না। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। জরাজীর্ণ বিদ্যালয় ভবন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবও শিক্ষাব্যবস্থাকে আরও দুর্বল করে তুলেছে।
এদিকে, শুকনো মৌসুম এলেই গালেংগ্যা ইউনিয়নসহ রুমা উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় সুপেয় ও ব্যবহারযোগ্য পানির তীব্র সংকট দেখা দেয়। বন উজাড় ও পরিবেশগত পরিবর্তনের কারণে পাহাড়ি ঝিরি ও প্রাকৃতিক পানির উৎসগুলো ক্রমশ শুকিয়ে যাওয়ায় স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।
স্থানীয় কৃষক অবিরাম ত্রিপুরা, রাইমং ত্রিপুরা ও আব্রাহাম ত্রিপুরা বলেন, পানি সংকটের পাশাপাশি রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষার অনগ্রসরতা এবং চিকিৎসাসেবার অভাব আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। উন্নয়নের অনেক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার সুফল আমরা পাচ্ছি না।

অন্যদিকে, অতীতে ভিজিডি কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগও ওঠে। স্থানীয়দের দাবি, খাদ্য সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
এলাকাবাসীর দাবি, দুর্গম গালেংগ্যা ইউনিয়নসহ রুমা উপজেলার পিছিয়ে পড়া জনপদগুলোতে শিক্ষা, যোগাযোগ, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
তাদের মতে, সরকারি নজরদারি ও পরিকল্পিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা হলে এসব এলাকার মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব।