টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী
প্রিন্স এডওয়ার্ড মাংসাং,
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে হঠাৎ উল্টে গেলো নির্বাচনী আবহাওয়া। ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলীয় মনোনয়ন না পেয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। হঠাৎই আজ (শুক্রবার) আলোচনা সমালোচনার ঊর্ধ্বে এসে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছেন।

আজ (শুক্রবার) প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিতে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, বৃহত্তর রাজনৈতিক স্বার্থ এবং দলের শক্তি সুসংহত করার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, আজ যদি আমি এই সিদ্ধান্ত না নিতাম তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটি নিতো, তাই সকল মান অভিমান ভুলে দলের বৃহৎ স্বার্থের দিক লক্ষ্য রেখে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিই। এই ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “অ্যাডভোকেট মোহাম্মদ আলী আমাদের পরিবারের একজন সদস্য। তার সঙ্গে থাকা সকল নেতাকর্মী আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরো বলেন, “মোহাম্মদ আলীর নেতাকর্মীরা আমাদের ভাই, বন্ধু এবং সহকর্মী। তাদের আমরা যথাযথ মর্যাদা দিয়ে পাশে রাখবো। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে মধুপুর ধনবাড়ীকে সামনে এগিয়ে যাবো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সড়ে দাঁড়ানো এবং ফকির মাহবুব আনাম স্বপনের প্রতি সমর্থন জানানোর ফলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় অবস্থান আরও সুদৃঢ় এবং সুসংহত হলো। এই ঐক্যের প্রভাব মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে মনে করছেন তারা। এর ফলে (মধুপুর-ধনবাড়ী) আসনটি নিশ্চিত জয় বলে মনে করছেন তারা !

| ২২ সেপ্টেম্বর ২০২৬













