সেনাবাহিনীর উদ্যোগে নীলগিরিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী শিক্ষা সফর
মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ, সমন্বয় ও অর্থায়নে বান্দরবানের রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নীলগিরি পর্যটন কেন্দ্রে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় রুমা সাঙ্গু সরকারি কলেজ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে নীলগিরির পথে যাত্রা করেন শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জ্ঞান প্রভাত চাকমার নেতৃত্বে আয়োজিত এ সফরে ১৭ জন ছাত্র, ১৫ জন ছাত্রী ও শিক্ষকসহ মোট ৩৬ জন অংশগ্রহণ করেন। শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের

সঙ্গে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো। নীলগিরির পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনকেন্দ্র ঘুরে শিক্ষার্থীরা দেশের পর্যটন সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
এদিকে শিক্ষা সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহন, সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, সেনাবাহিনীর এ সহযোগিতার ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষ।

| ২২ সেপ্টেম্বর ২০২৬










