খাগড়াছড়িতে পর্যটকবাহী দুটি পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা পর্যটকবাহী দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকান সংলগ্ন স্থানে এই নাশকতার ঘটনা ঘটে। আগুনে পিকআপ দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত চারটি পিকআপ নিয়মিতভাবে মাস্টারের দোকানের সামনে পার্কিং করে রাখা হতো। বুধবার রাতেও যথারীতি গাড়ি চারটি সেখানে রাখা ছিল। গভীর রাতে একদল দুর্বৃত্ত এসে চারটির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, নাশকতার উদ্দেশ্যেই পার্কিং করে রাখা পিকআপ দুটিতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

| ২০ নভেম্বর ২০২৬








