রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬’ উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩৮৮ মঘাব্দ, তেংছংবু লাছেং ১১ রাক) বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।
ভোর ৬টা ১ মিনিটে বিশ্বশান্তি কামনায় পবিত্র ত্রিপিটক থেকে পরিত্রাণ সূত্র পাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৬টা ৩১ মিনিটে পূজনীয় ভিক্ষু সংঘকে প্রাতঃরাশ দান এবং সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় ভিক্ষু সংঘের আসন গ্রহণের পর ৯টা ১৫ মিনিটে পঞ্চশীল প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান ও সংঘ দান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা, দেশনা ও উৎসর্গ পর্ব। দুপুর সাড়ে ১১টায় পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ড দান এবং বেলা সাড়ে ১২টায় আগত অতিথিবৃন্দকে আপ্যায়ন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্যব্যাক্তিবর্গ আগত পুণ্যার্থীগন অংশগ্রহণ করেন।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংসাপ্রু কার্বারী জানান, দেব-মানুষ ও সকল জীবের সুখ, স্বাচ্ছন্দ্য, জীবনরক্ষা এবং পরম নির্বাণ লাভের কামনায় প্রতি বছরের ন্যায় এবারও স্ব-পরিবারে ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা পুণ্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। দিনের শেষ ভাগে সন্ধ্যা ৬টায় তাবতিংশ স্বর্গে বুদ্ধের চূলামনি ধাতুর উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন ও হাজার বাতি পূজার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

| ২২ নভেম্বর ২০২৬




















