কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
“সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা”—এই স্লোগানকে ধারণ করে রাঙামাটির কাপ্তাইয়ে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। শুক্রবার (০৯ অক্টোবর) ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি প্রদীপ মল্লিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা ও অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনার ওপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, কবির জীবন ও সাহিত্য কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এর দর্শন তরুণ প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান করতে উদ্বুদ্ধ করে। সঙ্গীত মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার অন্তহীন শক্তি জোগায়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুরের ধারার উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়শ্রী তঞ্চঙ্গ্যা, শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিথিলা তঞ্চঙ্গ্যা, রাঙ্গুনিয়া বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত ধর, সুরের ধারার উপদেষ্টা দয়া রঞ্জন তঞ্চঙ্গ্যা, সুরের ধারা যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগঠনের খুদে শিল্পীরা নজরুল সঙ্গীত, স্বরচিত ও বিদ্রোহী কবিতার আবৃত্তি এবং নজরুলের গানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।কাপ্তাইয়ের স্থানীয় সাংস্কৃতিক অনুরাগী, অভিভাবক এবং সুরের ধারা সঙ্গীত নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শুদ্ধ সংস্কৃতি চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির বিদ্রোহী ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেই তাঁদের এই বিশেষ উদ্যোগ বলে জানান আয়োজকরা।

| ১০ অক্টোবর ২০২৬













