বাঘাইছড়ির মুসলিম ব্লক ইমামপাড়ায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ মাইনুল ইসলাম, এসআই জাহিদুল ইসলাম ও এসআই আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রদর্শক আবুল ফজল। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক প্রভাব এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আয়োজকদের মতে, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে।

| ১০ অক্টোবর ২০২৬














