গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

পাহাড়ি অঞ্চলে ফুটেছে আদা ফুল, আকর্ষণ করছে সবার দৃষ্টি

পাহাড়ি অঞ্চলে ফুটেছে আদা ফুল, আকর্ষণ করছে সবার দৃষ্টি

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

প্রকৃতির অফুরন্ত ভাণ্ডারে নতুন মাত্রা যোগ করেছে আদা ফুল। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ে বিভিন্ন এলাকায় এখন ফুটে উঠেছে এ ফুল। মনোমুগ্ধকর সৌন্দর্য ও ব্যতিক্রমী গঠনের জন্য এটি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের পর্যটকদেরও আকর্ষণ করছে। সাধারণত মানুষ আদা গাছের মূল রান্নায় ব্যবহারের জন্য চেনে। কিন্তু এর ফুলের সৌন্দর্য সম্পর্কে অনেকেরই ধারণা নেই। বর্ষার মৌসুমে মাটির নিচ থেকে গজিয়ে ওঠা গাছের গোড়ায় ফুটে ওঠে এই বিশেষ ফুল। সাদা, হালকা হলুদাভ ও কখনো গোলাপি আভাযুক্ত আদা ফুল অনেকটা শাপলার মতো হলেও এর পাপড়ির গঠন ভিন্ন এবং অনন্য।

স্থানীয় কৃষকরা বলেন, এতদিন আদার ফুলের প্রতি তেমন নজর ছিল না। কিন্তু সম্প্রতি ফুল ফোটার সাথে সাথে অনেকে তা দেখতে বাগানে ভিড় জমাচ্ছেন।

রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃষক চানসিং মারমা বলেন, “আমরা শুধু আদার মূল বিক্রি করতাম। কিন্তু এই ফুল এত সুন্দর হয় তা আগে টের পাইনি। এখন মানুষ শুধু আদা কিনতে নয়, ফুল দেখতে আসছে। এতে আমরা গর্বিত।” প্রকৃতিপ্রেমীদের মতে, পাহাড়ি এলাকার সবুজ প্রকৃতির সঙ্গে মিশে থাকা এ ফুল পরিবেশকে করে তুলেছে আরও মোহনীয়।

স্থানীয়রা জানান, সকাল বেলার কুয়াশা ও শিশিরে ভিজে থাকা আদা ফুলের সৌন্দর্য চোখে পড়লে মন ভরে যায়। চিকিৎসক ও গবেষকদের মতে, আদার ফুল শুধু সৌন্দর্যের নয়, ভেষজ গুণেও সমৃদ্ধ। আদার মূল যেমন হজম ও সর্দি-কাশিতে উপকারী, তেমনি ফুলও কিছু ক্ষেত্রে ভেষজ চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, আদা ফুলকে ঘিরে পাহাড়ি এলাকায় নতুন ধরনের আকর্ষণ তৈরি হতে পারে। সঠিক প্রচার-প্রচারণা ও সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এই ফুল পর্যটন শিল্পে বিশেষ ভূমিকা রাখতে পারে। “আদা ফুলের সৌন্দর্য পর্যটকদের টেনে আনতে সক্ষম। যদি স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরি হয় এবং ফুল সংরক্ষণ করা যায়, তবে এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।”

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও আদা ফুলের ছবি ছড়িয়ে পড়ছে। ফলে স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের অনেকেই এ ফুলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। প্রকৃতিপ্রেমী তরুণরা ক্যামেরায় বন্দি করছেন এর অনন্য রূপ। প্রকৃতির দান এই আদা ফুল শুধু সৌন্দর্যের নয়, সম্ভাবনারও বাহক হয়ে উঠছে পাহাড়ি জনপদে।

দিঘীনালা জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

পাহাড়ি অঞ্চলে ফুটেছে আদা ফুল, আকর্ষণ করছে সবার দৃষ্টি

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

মং রাজবাড়ি: মানিকছড়িতে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

পাহাড়ি অঞ্চলে ফুটেছে আদা ফুল, আকর্ষণ করছে সবার দৃষ্টি

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী দিনব্যাপী ‘সত্যবুদ্ধ মেলা’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের পর থেকেই বৌদ্ধধর্মাবলম্বী পুণ্যার্থী ও দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ।

মং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মং সার্কেলের পঞ্চম মং রাজা মংপ্রু সাইন বাহাদুর খাগড়াছড়ির গুইমারা উপজেলার চাইংগুলিপাড়ার অরণ্যে এক প্রজার কুড়িয়ে পাওয়া একটি বুদ্ধমূর্তি মানিকছড়ির রাজ জেতবন বৌদ্ধবিহারে স্থাপন করেন। এরপর থেকে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমায় এ মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ‘সত্যবুদ্ধ মেলা’ নামে পরিচিত।

আয়োজিত হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা বিহারে রক্ষিত বুদ্ধমূর্তির উদ্দেশ্যে পূজা-অর্চনা, মোমবাতি প্রজ্বালন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মেলাকে কেন্দ্র করে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরাও, যা পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত মং রাজার জ্যেষ্ঠ দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন বলেন, ‘সত্যবুদ্ধ মেলায় অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ধর্ম ও ঐতিহ্যের প্রতি মানুষের এখনো অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে পুণ্যার্থীরা মেলা উপভোগের পাশাপাশি সত্যবুদ্ধকে প্রণাম ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।’
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে দিনব্যাপী চলবে এ মেলা।

রাজস্থলীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা

পাহাড়ি অঞ্চলে ফুটেছে আদা ফুল, আকর্ষণ করছে সবার দৃষ্টি

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের স্পেশাল ফুড সিস্টেম প্রোগ্রামের কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।

প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভৌগোলিক দূরত্ব, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সুফল ধরে রেখে ভবিষ্যতেও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক নুরজামান, ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ফিল্ড কো-অর্ডিনেটর সাধন তঞ্চঙ্গ্যা, জগদীশ চাকমা, রক্সি তঞ্চঙ্গ্যা, মিমি মারমা, প্রমিতা তঞ্চঙ্গ্যা, বেবী তঞ্চঙ্গ্যা, মিথুইনু মারমা ও হলামেউ মারমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা।

সভায় প্রত্যাশা করা হয়, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজস্থলীর প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

×