আলীকদমে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক, সেনা জোনের টহল জোরদার
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ পরবর্তী সময়ে বান্দরবানের আলীকদম ও সংলগ্ন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। নির্বাচন-পরবর্তী সময়কে ঘিরে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জোরদার ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকাজুড়ে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগপথ, প্রবেশ ও নির্গমন পয়েন্ট এবং কৌশলগত স্থানে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার ও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বজায় রাখা হয়েছে। বিশেষ করে দুর্গম ও পাহাড়ি এলাকাগুলোতে সেনা উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট সিভিল প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দুর্গম ভোটকেন্দ্রসমূহ থেকে ব্যালট বাক্স, নির্বাচনী সামগ্রী এবং সংবেদনশীল দাপ্তরিক নথিপত্র নিরাপদে উপজেলা নির্বাচন অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। পুরো কার্যক্রমটি বহুমাত্রিক নিরাপত্তা বলয়ের আওতায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আলীকদম সেনা জোনের পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার ফলে নির্বাচন-পরবর্তী সময়েও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্নে চলমান থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।


