দুর্গম রেমাক্রী-তিন্দুতে ডায়রিয়ার ভয়াল থাবা, মানবিক সহায়তায় ৩৮ বিজিবি
উশৈনু মারমা; থানচি সংবাদদাতা:
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত এলাকাগুলোতে ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।
এমন সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) শনিবার (২৩ মে) সকাল থেকে রেমাক্রী বাজার, তিন্দু ও লিটক্রে এলাকাসহ আশপাশের দুর্গম জনপদে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা শুরু করে।
বিজিবির পক্ষ থেকে আক্রান্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
বলিপাড়া জোনের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, দুর্গম পাহাড়ি এলাকায় ডায়রিয়ার ভয়াবহ পরিস্থিতির সংবাদ নজরে আসার পরপরই বিজিবি জরুরি ভিত্তিতে মানবিক কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, “রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় নারী, শিশু ও শিক্ষার্থীসহ বহু মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই বিজিবি আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।”

বিজিবির মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে একটি অভিজ্ঞ মেডিকেল টিম আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করছে। মেডিকেল ক্যাম্পে অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী-পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
একই সঙ্গে স্থানীয় জনগণকে বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ডায়রিয়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন করা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেনএবংরেমাক্রী ইউ,পি সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা ও উপস্থিত ছিলেন । তারা বিজিবির এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্গম সীমান্ত অঞ্চলে চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়ে বিজিবি শুধু মানবিক দায়িত্বই পালন করেনি, বরং পাহাড়ি মানুষের আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রিপুরা শিশুকে ধর্ষণের প্রতিবাদে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।



