চিম্বুক অঞ্চলে সুপেয় পানি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত
মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের চিম্বুক রেঞ্জ এলাকায় সুপেয় পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা ও পানি সংরক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরী পাড়ার কারবারি ও সাবেক ইউপি সদস্য সিংতুই ম্রো। এতে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, শিক্ষার্থী, যুব-ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রেখে শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। তিনি চিম্বুক রেঞ্জে একটি ” চিম্বুক ম্রো স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় ম্রো জনগোষ্ঠীর যোগ্য শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, অবাধ পাথর উত্তোলন বন্ধ করতে হবে। কারণ পাথর উত্তোলনের ফলে প্রাকৃতিক পানির উৎস ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় পানির সংকট দেখা দেয়। নদী ও ঝিরির আশপাশে জুমচাষের জন্য নির্বিচারে বন উজাড় না করার আহ্বান জানিয়ে তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানান।
সংসদ সদস্য বলেন, সুপেয় পানির সংকট নিরসনে প্রাকৃতিক ঝিরি ও পানির উৎসগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, বন ও পরিবেশ রক্ষা এবং পানির উৎসসমূহের সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন পাড়ার বাসিন্দাদের মাঝে সুপেয় পানি সংরক্ষণে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

ছাত্রনেতা ডনওয়াই ম্রো বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর এ অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এতে আমরা কিছুটা হলেও পানির সংকট থেকে স্বস্তি পাচ্ছি। তিনি স্থায়ী ও দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যান্য বক্তারাও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। আয়োজকরা জানান, চিম্বুক রেঞ্জের বিভিন্ন এলাকায় সুপেয় পানির উৎস সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটির আয়োজন করেন চিম্বুক রেঞ্জে বসবাসরত ম্রো সম্প্রদায়ের হেডম্যান, কারবারি, যুব-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

| ২৬ মে ২০২৬












