বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৮ বোতল কেয়ারু মদ জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল (১৮০ মিলিলিটার) বাংলাদেশি কেয়ারু (CAREW) মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা রাস্তার পাশের জঙ্গলে মদের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল কেয়ারু মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে মারিশ্যা জোন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাঘাইছড়ির মারিশ্যা এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করছে। এসব তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ


