কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির কাপ্তাই জেটিঘাটে একটি ইঞ্জিনচালিত বোট থেকে আতাউল্লাহ (৫২) নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত আতাউল্লাহ সিলেটের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও তিনি গত বেশ কয়েক বছর ধরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বসবাস করে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার পিতার নাম মহিব উল্লাহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আতাউল্লাহ বিলাইছড়ির ফারুয়া এলাকা থেকে হলুদ বোঝাই একটি ইঞ্জিনচালিত বোটে চড়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। বোটটি সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাটে এসে পৌঁছানোর পর অন্য যাত্রীরা নেমে গেলেও আতাউল্লাহ বোটেই বসে থাকেন। বোটের চালক তাকে না নামতে দেখে ভেবেছিলেন তিনি হয়তো ঘুমাচ্ছেন। পরবর্তীতে অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় চালক ও স্থানীয়রা কাছে গিয়ে তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে তারা নিশ্চিত হন যে ওই ব্যক্তি মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ জানান, খবর পেয়ে থানা পুলিশসহ তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে মৃত ব্যক্তির মরদেহ কাপ্তাই জেটিঘাটেই রয়েছে।
পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।

কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার




