রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা দিলেন এমপি ওয়াদুদ ভূইয়া
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে চেক তুলে দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
এ সময় প্রধান অতিথি,র বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করা জরুরি। সরকারি সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

| ২৮ সেপ্টেম্বর ২০২৬


















