কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো পাহাড়ের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। কোনো অবস্থাতেই সেবার ক্ষেত্রে জনদুর্ভোগ সহ্য করা হবে না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আয়োজিত উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি আরও বলেন, পাহাড়ের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক ও মাঠপর্যায়ে তৎপর হতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেহাল দশা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।সরকারের বরাদ্দকৃত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

সভা শেষে কাপ্তাই উপজেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

| ২৭ সেপ্টেম্বর ২০২৬















