রুমায় অসহায় মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সহায়তা, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহযোগিতাসহ নানা উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা জোরদারে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের রুমা উপজেলায় সম্প্রতি কয়েকটি মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে রুমা জোন।
গত (১৬ নভেম্বর ২০২৬) তারিখে উপজেলার নিউ রোমানা পাড়ার এক বাসিন্দা নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে রাতেই টহল গাড়িযোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি আহত ব্যক্তির চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে, অসহায় এক মায়ের অসুস্থ সন্তানের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রুমা জোনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। অর্থাভাবে সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকা ওই মা সেনাবাহিনীর এমন সহায়তায় স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।
এছাড়াও, উপজেলার সেগুম খামার পাড়ার ইসলামপুর জামে মসজিদের উন্নয়নকাজে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে বড়থলি ত্রিপুরা পাড়ার এক শিক্ষার্থীর হোস্টেল ফি পরিশোধের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়, যাতে অর্থনৈতিক সংকটের কারণে তার পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।

দুর্গম পাহাড়ি জনপদে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক আস্থার বন্ধন আরও দৃঢ় করছে।
রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে এবং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

| ২০ নভেম্বর ২০২৬









