খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য ও ফলাফল প্রকাশ; জেলার ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য ও ফলাফল তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাত। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ রিয়াসাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাত বলেন, অর্থনৈতিক শুমারি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শুমারির মাধ্যমে সারাদেশের পাশাপাশি খাগড়াছড়ি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত ও বাস্তবচিত্র উঠে এসেছে। ভবিষ্যতে জেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সঠিক পরিকল্পনা প্রণয়নে শুমারির তথ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সংগৃহীত এসব তথ্য-উপাত্ত নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

| ২২ নভেম্বর ২০২৬




















