রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

| ২২ নভেম্বর ২০২৬




















