বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও কাচালং নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দিনের শুরুতে সকাল ৮টায় চৌমুহনী বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বৃক্ষরোপণ এবং কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিকাল ৪টায় কাচালং ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
এসময় পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা এবং জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যুবদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে সংগঠনের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশকে পুনরায় সচল করতে সময় প্রয়োজন। দেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী নানা কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঘাইছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

| ২৮ অক্টোবর ২০২৬












