| ১ নভেম্বর ২০২৬
শিরোনাম:

আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত

আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধব :

​‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

যুবসমাজকে উদ্দীপ্ত করে প্রধান অতিথি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থানের জন্য যে ডাক দিয়েছেন, তা বাস্তবায়নে যুবকদের জোরালোভাবে এগিয়ে আসতে হবে।” ​উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন।​

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও যুব সংগঠক ইব্রাহীম হাবিব মিলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুব সংগঠক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং সফল ঋণগ্রহিতা থুইনচিং মারমা। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উদীয়মান যুব-যুবতীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান ও যুব ঋণের চেক সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। পাশাপাশি নিবন্ধিত বিভিন্ন যুব সংগঠনের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

পরিশেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় বাউল শিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশের পরিবেশনায় গান উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।

ঢাকায় আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপান গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত

বিশেষ প্রতিবেদক :

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপান-ইউএন উদ্যোগে গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিনের হলরুমে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. রাজু সাহা। এতে উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রদূত, ইউনিপান কানাডা শাখার সভাপতি ড. রশিদ আব্দুর, বিশিষ্ট সমাজসেবক, বুদ্ধিজীবী ও কানাডাপ্রবাসী আব্দুর রশিদ খান, নেপালের রাষ্ট্রদূত ড. রেভারেল রাজুলামা, নেপাল শাখার সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র, গ্লোবাল হিমালয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাম্বাসেডর ড. সত্য কালা তামাং লামা।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অনারেবল পার্সন রুহেল ইসলাম ও আবদুল্লাহ আমিরাজ, লন্ডনের অনারেবল পার্সন মিজানুর রহমান, এলিট পার্সন লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, চট্টগ্রাম বিভাগ ইউনিপান কো-অর্ডিনেটর রেভারেল বিজয়ানন্দন থেরো এবং তিন পার্বত্য জেলা থেকে আগত ইউনিপানের নির্বাহী সদস্য ও প্রতিনিধি চাইথোয়াইমং মারমা।

সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত ইউনিপানের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরেফিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্মেলনে আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপান-ইউএন উদ্যোগের বৈশ্বিক পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরা হয়। বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার, অধিকার, স্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বিশ্বে যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা এখন সময়ের দাবি।

বক্তারা শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্য দূরীকরণ, নারী ও শিশুর সমান অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

এ সময় অতিথিরা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট, মানবাধিকারের গুরুত্ব এবং বিশ্বব্যাপী শান্তি ও সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।

দিনব্যাপী আলোচনা, মতবিনিময় ও সম্মাননা প্রদান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার, এসডিজি ও এসএডিজি গ্লোবাল সামিট কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা আর নেই

আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা (৩৪) আর নেই। শনিবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেশ কয়েকমাস আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে হেপাটাইটিস-বি সহ লিভার ক্যান্সার রোগ শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান, মা-বাবা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে তিনি প্রায় তিন বছর ধরে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ১ নভেম্বর (রোববার) ফারুয়া ইউনিয়নের উলুছড়ি নিজ গ্রামে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

কাউখালীতে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়, তিন কলেজে পাসের হার ১০ শতাংশের নিচে

আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | কাউখালী, রাঙামাটি

রাঙামাটির কাউখালী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে চরম বিপর্যয়। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪০ জন। সে হিসাবে উপজেলার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৯ দশমিক ৯৩ শতাংশ। ফলাফলের এমন হতাশাজনক চিত্রে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, কাউখালী সরকারি কলেজ থেকে ৩৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১০ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে, ঘাগড়া কলেজ থেকে ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৬ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ।

এছাড়া শ্রীজোনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতেই একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

শিক্ষার মান, পাঠদানের পরিবেশ, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অংশগ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ফলাফলের এই বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, ফলাফলের এমন বিপর্যয়ের কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যথায় আগামী দিনগুলোতে কাউখালী উপজেলার শিক্ষাব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব আরও প্রকট হতে পারে।

×