থানচিতে তিন দিন ধরে ফল ব্যবসায়ী নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি; থানচি (বান্দরবান):
বান্দরবানের থানচি উপজেলায় ফল (বেল) কিনতে গিয়ে আবু তাহের (৪০) নামের এক ব্যবসায়ী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় আজ (২২ মার্চ) দুপুরে থানচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী হিমা আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ আবু তাহের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাবিলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গত ১৭ মার্চ বেল কেনার উদ্দেশ্যে তার দুই সহযোগীকে নিয়ে থানচি উপজেলায় আসেন। গত ২০ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি সহযোগীদের কাছে রেখে উপজেলার মরিয়ম পাড়া এলাকায় বেলের বাগান দেখার উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় আজ থানায় জিডি করা হয়।
নিখোঁজ আবু তাহের (৪০) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় নগর গ্রামের আলী হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
তার সাথে থাকা সহযোগী খোরশেদ আলম জানান, আবু তাহের একা বাগান দেখতে গিয়েছিলেন এবং যাওয়ার সময় তার ফোনটি তাদের কাছে রেখে যান। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন এবং স্থানীয়ভাবে খোঁজ শুরু করেন।
থানচি থানা থেকে জানা যায়, নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রীর করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। মরিয়ম পাড়া ও এর আশেপাশের দুর্গম এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
নিখোঁজ আবু তাহেরের সন্ধানপ্রার্থী তার পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৮৩৮-৬৫৬২৬৫ (স্ত্রী) নম্বরে যোগাযোগ করার জন্যও বিনীত অনুরোধ জানান।






