রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
ছন্দ সেন চাকমা, রাঙামাটি :
রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় শহীদ মিনার সংলগ্ন হ্রদের পানিতে ভেসে ওঠা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূর নাম মুক্তা বড়ুয়া (২৮)। তিনি পশ্চিম রাউজান এলাকার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। তিনি রাঙ্গামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) থেকে মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার


