শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:

মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম
8 বার পড়া হয়েছে
মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদক, জুয়া, সীমান্তে পুশিং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ বিজিবি এ সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম, পিএসসি।

সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার, জুয়া, অবৈধ অনুপ্রবেশ (পুশিং), চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্যও তিনি অনুরোধ করেন।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, এনসিপির সভাপতি মো. হারুন রশীদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো. শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, জীপ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ৬:২৬ পিএম
মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের ভূজপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে মাদক বহনকারী চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজাভত্তি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোর আনুমানিক ৫টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন ভূজপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত মেইন পিলার ২২১০-এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে উত্তর আঁধারমানিক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। টহলদলের সদস্যরা দেখতে পান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিনজন ব্যক্তি কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বস্তাগুলোর ভেতর থেকে সাতটি ছোট প্যাকেটে রাখা মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত সুরক্ষা, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জমকালো আয়োজনে দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ৫:১৯ পিএম
মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

 

রুপম চাকমা, দীঘিনালা :

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৯ জুন বিকেলে উপজেলার মিনি স্টডিয়াম খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উরিয়ে শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেপ্টেন্যাল কর্ণেল মো: আল- আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার নির্বাহী অফিসার তানজিল পারভেজ, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা (জ্ঞান) উপস্থিত ছিলেন।

খেলা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নলেস চাকমা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়ন থেকে ৬টি দল অংশ গ্রহন করেছে। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুই শক্তিশালী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ এবং দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জোন কাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করতে সহায়ক হবে। খেলায় ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদকে ৪ শুন্য গোলে পরাজিত করে লাভ করে ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদ একাদশ।

কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশুসদনের খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ২:৫৩ পিএম
মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়দান ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানবিক সেবায় এক অনন্য নজির স্থাপন করে চলেছে ‘পালবার লিং সেন্টার শিশুসদন’। আর্তমানবতার সেবায় ব্রত এই প্রতিষ্ঠানটি এবার কাপ্তাইয়ের ১০০টি হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে তাদের হাতে তুলে দিয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

​শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভাইবোনছড়া গ্রামের অধিকাংশ মানুষ কাপ্তাই হ্রদের মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তবে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। পরিবারগুলোর দৈনন্দিন সংসার চালানো যখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ঠিক তখনই তাদের সংকটময় পরিস্থিতির বিষয়টি পালবার লিং সেন্টার শিশুসদনের পরিচালনা পর্ষদের নজরে আসে। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি দ্রুত এই ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে।

দেশি ও বিদেশি দাতা সংস্থার অনুদান সংগ্রহ করে পালবার লিং সেন্টার শিশুসদনের অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত দেব তিষ্য ভিক্ষুর নেতৃত্বে এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হয়। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সরিষার তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, বড় এক প্যাকেট নুডলস এবং একটি করে সাবান প্রদান করা হয়।

​উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন পাড়া-মহল্লায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ৪নং কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু সুজয় বিকাশ চাকমা, পালবার লিং সেন্টার শিশুসদনের অর্থ সম্পাদক বুদ্ধ ধন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুখ ময় তঞ্চঙ্গ্যা, অত্র এলাকার গ্রাম প্রধান (কার্বারী) গান্ধি লাল চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ত্রাণ কার্যক্রমে সহায়তা করেন পালবার লিং সেন্টারের একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক।

ত্রাণ বিতরণ শেষে আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নের পাশাপাশি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

×