বাঘাইছড়ির সাজেকে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশু
আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ভূয়াছড়ি এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় সনজিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ভূয়াছড়ির গহীন জঙ্গলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল। এ সময় নিজ বাড়িতে অবস্থানকালে গুলিবিদ্ধ হয় শিশু সনজিতা ত্রিপুরা। এতে তার বাম হাতে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়ভাবে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে তার হাত থেকে গুলি বের করা হয়েছে এবং বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
এদিকে গোলাগুলির ঘটনায় সাজেক এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, দুই পক্ষের আধিপত্য বিস্তারের সংঘাতের কারণে প্রায়ই সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। বর্তমানে ভূয়াছড়ি ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

| ৩০ সেপ্টেম্বর ২০২৬











