খাগড়াছড়িতে ৩২তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত: ‘সাধু সাধু’ ধ্বনিতে মুখরিত আর্য বন বিহার
ছন্দ সেন চাকম, নিজস্ব প্রতিনিধি :
খাগড়াছড়ির আর্য বন বিহারে দুই দিনব্যাপী ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ৩২তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ সম্পন্ন হয়েছে। বস্তু দানের এই শ্রেষ্ঠ দানে খাগড়াছড়ির বিভিন্ন প্রান্ত থেকে শত শত পুণ্যার্থী ও উপাসক-উপাসিকা অংশ নেন।

উৎসবের শুরুতে ফিতা কেটে বেইন ঘরের উদ্বোধন করেন রাজ বন বিহারের বন ভান্তের শিষ্য সংঘের প্রধান ও আবাসিক প্রধান শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞা লংকার মহাস্থবির মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভদ্দজি মহাস্থবিরসহ বিভিন্ন বিহার থেকে আগত বিহার অধ্যক্ষ মহোদয়গণ।
‘চিরং তিত্থাতু বুদ্ধ সাসানম’ এই শাশ্বত বাণীর আলোকে ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সদ্ধর্ম আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবের দ্বিতীয় দিনে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, রাজ বন বিহারে প্যাগোডার জন্য অর্থ দান এবং হাজার প্রদীপ দানসহ নানা প্রকার দানের মাধ্যমে কঠিন চীবর দান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে ২৯৮ নম্বর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ভিক্ষু সংঘের মধ্যে শ্রদ্ধেয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবিরসহ আরও অনেক বিহার অধ্যক্ষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভদ্দজি মহাস্থবির মহোদয়কে কঠিন চীবরটি দান করা হয়।
হাজারো পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে পুরো বিহার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

| ৩১ অক্টোবর ২০২৬







