গোবিন্দগঞ্জে পানিতে ডুবে মৃত্যু হল চাচাতো ভাই-বোনের
মানিক সাহা, গাইবান্ধা:
একই দিনে জন্ম হয়েছিল চাচাতো ও জ্যাঠাতো দুই ভাই-বোন আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাতের। তাদের জন্মের পর পরিবারে খুশির বন্যা বয়ে গিয়েছিল। ঠিক একইভাবে সোমবার সকালে একই সাথে দুই ভাই বোনের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। মৃত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র এবং মিফতাহুল আশরাফুল ইসলামের কন্যা।
নিহত দুই শিশুর স্বজনরা জানান, পরিবারের সকলের অত্যন্ত আদরের ছির দুই শিশু। বয়স সবেমাত্র দুই বছর। দুই পরিবারের নয়নের মজী ছিল তারা। সব সময় তারা একই সাথে খেলাধুলা করত। প্রতিদিনের মতো তারা এক সাথে খেলতে গিয়ে সকলের অলক্ষ্যে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় তারা। পরে খোঁজাখোঁজি করতে গিয়ে ডোবার পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

| ২৬ অক্টোবর ২০২৬
















