খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
রবিবার সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়াস্থ ধর্মপুর আর্য বনবিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে নানা ধর্মীয় আচার ও পুণ্যানুষ্ঠান। বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট উপাচার দান ও হাজার প্রদীপ দানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
প্রবারণা পূর্ণিমার পুণ্যানুষ্ঠানে অংশ নেওয়া উপাসক আকাশী চাকমা বলেন, ‘প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা সকাল থেকে বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ নানা ধরনের দান করে থাকি। পাশাপাশি জগতের সকল প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’
ধর্মপুর আর্য্য বন বিহারের প্রবারণা পূর্ণিমার উপলক্ষে ধর্মসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, ম্রাসা থোয়াই মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য রিপল চাকমা।

এসময় অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির প্রধান ধর্মদেশনা প্রদান করেন। এ ছাড়া উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা করেন শ্রীমৎ দীপানন্দ স্থবিরসহ আরও অনেকে।
ধর্মপুর আর্য্য বন বিহারের সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান বলেন,ভান্তেদের দীর্ঘ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বর্ষাবাস শেষ হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা অতীতের ভুল-ত্রুটির জন্য বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করি। এ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বিহারে এক মাসব্যাপী অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।

| ২৬ অক্টোবর ২০২৬














