বান্দরবানে দুই কমিটির দুই দিনের পৃথক রথ বিসর্জন।
বান্দরবান প্রতিনিধি:
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে পৃথক দুটি উৎসব উদযাপন কমিটির উদ্যোগে দুই দিনে দুটি রথ বিসর্জনের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) পুরনো কমিটির উদ্যোগে শেষ হয়েছে সাঙ্গু নদীতে রথ বিসর্জন। এ সময় যুবক, যুবতী, মধ্যবয়সী লোক ও জনপ্রতিনিধিসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) একই নদীতে নতুন কমিটির উদ্যোগে দ্বিতীয় রথটি বিসর্জন দেওয়া হবে।
এ বিষয়ে পুরনো উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং বলেন, “আমাদের উৎসব উদযাপন কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। তাই আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা এই উৎসবের রথ বিসর্জন অনুষ্ঠানটি সম্পন্ন করতে বাধ্য হয়েছি।”
আয়োজকদের সূত্রে জানা যায়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিনীতি অনুসারে ঐতিহ্যবাহী প্রধান উৎসব মধ্যে এটি একটি। এরই ধারাবাহিকতায় রথ তৈরি, রশি টেনে সারিবদ্ধ শোভাযাত্রা, বিসর্জন, ফানুস উড়ানো, নানা রঙের পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বলন, আকাশে ফানুস উত্তোলন, বৌদ্ধ ভিক্ষু উপাসক উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধ স্নান, ঐতিহাসিক গৌতম বুদ্ধের ত্রিপিটকের বাণী সহ নানা আয়োজনে মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের প্রবারণা পূর্ণিমা স্থানীয় মারমা ভাষায় ‘মাহা ওয়াগোওয়াই পোওয়ে’ উৎসবটি শেষ হয়। উৎসবটি গত ২১ অক্টোবর শুরু হয়েছিল।
এই উৎসবকে ঘিরে গভীর শ্রদ্ধায় হাজার বাতি প্রজ্বলন, হ্যান্ডবল টুর্নামেন্ট, স্বর্গের উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরের বিভিন্ন এলাকায় পিঠা তৈরি সহ অনুষ্ঠান গুলো অনুষ্ঠিত হয়।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রথযাত্রা ও রথ বিসর্জনের আয়োজন করা হয়।
বান্দরবানে এবার পুরনো উৎসব উদযাপন কমিটির আয়োজিত রথ যাত্রাটি শহরের দুটি বৌদ্ধ বিহারসহ শহরের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে উজানী পাড়ার ঘাটে এসে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

| ২৭ অক্টোবর ২০২৬









