রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন
ছন্দ সেন চাকমা, জেলা প্রতিনিধি, রাঙামাটি :
রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬। শনিবার জেলা শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়াম ইনডোরে এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি- ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মৈত্রী চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধিতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রশংসনীয়।”

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি পাহাড়ের প্রতিভাবান নারী খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকেরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে রাঙামাটির উদীয়মান নারী খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

উদ্বোধনী পর্বের পর অতিথিরা মাঠ ঘুরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং পরে টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয়। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার হাত ধরে রাঙামাটি থেকে নতুন নারী কাবাডি প্রতিভা উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করবে।

দীঘিনালায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত,; ৩ গোলে এগিয়ে তারাবুনিয়া একাদশ




