দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন’
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের অত্যন্ত দুর্গম ধূপপানি পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ধূপপানি শিশুকানন’ নামে একটি বিদ্যালয়।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফীর উদ্যোগে এবং বিলাইছড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়টির কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের তত্ত্বাবধানও গুরুত্বপূর্ণ।

ধূপপানি পাড়াটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার শিশুরা দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছিল। পাড়া থেকে নিকটবর্তী বিদ্যালয়ে যেতে শিশুদের প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। ফলে ছোট শিশুদের পক্ষে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। দুর্গম পথের ঝুঁকির কারণে অনেক অভিভাবকও তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। এমন পরিস্থিতিতে ধূপপানি পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে ‘ধূপপানি শিশুকানন’ প্রতিষ্ঠা করা হয়েছে।

বর্তমানে বিদ্যালয়টিতে ১১ জন শিশু শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফীর উদ্যোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়টি দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য ‘ধূপপানি শিশুকানন’ একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম অব্যাহত থাকলে দুর্গম ধূপপানি পাড়ার শিশুরা ছোটবেলা থেকেই আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পাবে এবং তাদের ভবিষ্যৎ গড়ার পথ আরও সুগম হবে।

| ১৬ অক্টোবর ২০২৬













