বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের আওতাধীন উদয়পুর জলযানঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ উদয়পুর বিওপির একটি টহল দল ক্যাপ্টেন মাহির শাহরিয়ারের নেতৃত্বে উদয়পুর জলযানঘাট এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চারটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে বিজিবির টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ভারতীয় প্রসাধনসামগ্রী উদ্ধার করে।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্পার্কল (বড়) ১১০ পিস, স্পার্কল (ছোট) ১২৪ পিস এবং ২১০ মিলিলিটারের কমফোর্ট ১০০ পিস। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ১২০ টাকা।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

| ১৫ অক্টোবর ২০২৬













