থানচিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের পাশে বিএনকেএস
চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
চলতি বর্ষামৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বান্দরবানের থানচি উপজেলার চারশত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনকেএসের সভানেত্রী নেমকিম বমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি চারশত দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রতি পরিবারকে আট হাজার টাকা করে নগদ অর্থ এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন।
বিএনকেএস এর উপ-পরিচালক উবানু মারমা সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, বিএনকেএসের নির্বাহী পরিচালক হ্লাসিংনু এবং ৩৮ বিজিবি জোনের প্রতিনিধি মো. ইমামুল আজিম প্রমূখ। এছাড়াও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সদস্য ও অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিএনকেএসের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে থানচির অনেক পরিবার বসতঘর, কৃষিজমি ও জীবিকার নানা উপকরণ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের সহায়তা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে চারশত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পর্যায়ক্রমে আট হাজার টাকা করে নগদ অর্থ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা বিএনকেএসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিএনপি নেতা আবুল কালাম আজাদ মিন্টুর মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার; হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ, এলাকাবাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি



