সর্বসম্মতিক্রমে রুমা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :
বান্দরবানের রুমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সাংগু পত্রিকার প্রতিনিধি মংহাইথুই মারমাকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অংবাচিং মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক অবজারভারের প্রতিনিধি উবাসিং মারমা কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল হাকিম, মথি ত্রিপুরা, চনুমং মারমা, সাবেক সভাপতি শৈহ্লাচিং মারমা ও শৈলুমং মারমা।
কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ৩৫৩ নম্বর কোলাদি মৌজার হেডম্যান চিংশৈথুই মারমা। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর সিনিয়র সাংবাদিক কিকিউ মারমা, দৈনিক আমাদের সময়ের নুশিংথোওয়াই মারমা, দৈনিক দেশ রূপান্তরের ক্যমুইঅং মারমা, দৈনিক ভোরের কাগজের মংসানু মারমা এবং দৈনিক আজকের পত্রিকার মংবোওয়াংচিং মারমা (অনুপম)। এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি কার্যকর ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে সহযোগিতা ও সমন্বয়ের জন্য রুমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য ক্যমুইঅং মারমা এবং বান্দরবান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মংসানু মারমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি অনুপম মবোওয়াংচিং মারমার দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানানো হয়। এ ছাড়া কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য বান্দরবানের তরুণ সাংবাদিক কিকিউ মারমা এবং রুমা প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য নুসিংথোওয়াই মারমার প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, রুমা উপজেলার মানুষের কথা, এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধিতে তারা কাজ করবেন।
নবনির্বাচিত সভাপতি মংহাইথুই মারমা বলেন, দীর্ঘদিন ধরে জায়গার অভাবে রুমা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। প্রেসক্লাবকে এগিয়ে নিতে তিনি সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের কাজ করার সুযোগ করে দিতে হবে। প্রেসক্লাবকে আরও কার্যকর ও শক্তিশালী করতে তাঁর কিছু পরিকল্পনা রয়েছে। সেই প্রত্যয় নিয়েই তিনি কাজ করতে চান। তিনি আরও বলেন, প্রেসক্লাবকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি নবগঠিত কমিটির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত




