আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী (৩১ বীর) আলীকদম সেনাজোনের ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এর নেতৃীত্বে সেনা সদস্য ও আলীকদম থানা পুলিশের একটি যৌথ টহল দল ৯৭ ব্রিগেড ক্যান্টিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— আলীকদম উপজেলার সুনোং ম্রো পাড়ার বাসিন্দা মেনরাউ মুরং (৩৬) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা উম ইয়ং ম্রো (৩৩)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উম ইয়ং ম্রো চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আলীকদম এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে থাকায় সেনা জোন তাৎক্ষণিকভাবে থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। আটকের পর উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সমন্বিত অভিযানে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





