সাজেকে আবেদন করেও খাবারের স্থল না পাওয়ার অভিযোগ ; সিন্ডিকেটের কথা বললেন রিজাংসি চাকমা
রুপম চাকমা, দিঘীনালা :
দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি এলাকায় খাবারের স্থান (ফুড স্টল/রেস্টুরেন্ট স্পট) বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এক পাহাড়ি তরুণী রিজাংসি চাকমা। তিনি অভিযোগ করে বলেছেন, স্থানীয় বাসিন্দা হয়েও তিনি খাবারের একটি স্থল পাননি, অথচ আবেদন করা অন্য একজন তা পেয়েছেন।
রিজাংসি চাকমার দাবি, “আমরা সাজেকের স্থানীয় মানুষ হয়েও একটি খাবারের স্থল পেলাম না। কিন্তু আমার পরে যে ব্যক্তি আবেদন করেছে, সে জায়গা পেয়েছে। বিষয়টি আমাদের জন্য খুবই হতাশাজনক।” তিনি আরও অভিযোগ করেন, সাজেক পর্যটন এলাকায় একটি ‘সিন্ডিকেট’ কাজ করছে, যার কারণে প্রকৃত স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণ-তরুণীরা পর্যটন নির্ভর ছোট ব্যবসা গড়ে তুলতে চেষ্টা করলেও প্রভাবশালী একটি চক্র বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণ করছে। ফলে নতুন ও প্রকৃত স্থানীয় উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করা হলে প্রকৃত উদ্যোক্তারা উপকৃত হবেন এবং সাজেকের পর্যটন ব্যবস্থাপনাও আরও গতিশীল হবে।
উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সাজেক ভ্যালি বছরে বিপুল সংখ্যক পর্যটক আকর্ষণ করে। এখানে ছোট-বড় অসংখ্য খাবারের দোকান, রিসোর্ট ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব ব্যবসায় সুযোগ বণ্টনে স্বচ্ছতা না থাকলে ক্ষোভ বাড়তে পারে।
এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রিজাংসি চাকমা বলেন, “আমরা চাই ন্যায্যতা ও সমান সুযোগ। স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হোক।” এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাহাড়ি কন্যা রিজাংসি চাকমা।





