রামগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাতভর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২ টা ১ মিনিটে রামগড় লেকস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামগড় উপজেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রামগড় প্রেস ক্লাব, রামগড় সার্কেল, পৌরসভা, রামগড় থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এই উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।






