দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি শুভ উদ্বোধন
রুপম চাকমা, দীঘিনালা :
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩ থেকে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কনিকা চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা ও রাপ্রুচাই মারমা, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে, যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি শুধু গাছ লাগানোর একটি আনুষ্ঠানিক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জাতীয় অঙ্গীকার। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে তারা দায়িত্বশীল ও পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিপাদ্যের আলোকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বরকলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ




