চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানের ওপর হামলা চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা
এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :
দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের বিরুদ্ধে চাঁদা দাবি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ জুলাই)২৬ খ্রি: চট্টগ্রাম প্রেসক্লাবে বিকাল ৪ঃ০০ ঘটিকায় সময় সংবাদ সম্মেলনে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গতকাল সোমবার ১৩ জুলাই চট্টগ্রামের ডিজিটাল ডট নেট (DAN)-এর কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয় বরং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইএসপি মালিক ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি প্রদান, চাপ সৃষ্টি এবং দাবি পূরণ না হলে হামলা বা হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
বক্তারা আরও বলেন, বর্তমানে সময়ে ইন্টারনেট দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংকিং, ই-কমার্স, সরকারি ও বেসরকারি প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবার অন্যতম মৌলিক অবকাঠামো। আইএসপি প্রতিষ্ঠানগুলো যদি নিরাপদ পরিবেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে, তবে এর নেতিবাচক প্রভাব শুধু একটি শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের সামগ্রিক ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রামে ডিজিটাল ডট নেট (DDN)-এর কার্যালয়ে সংঘটিত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সকল আইএসপি প্রতিষ্ঠান, তাদের কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইএসপি খাতের বিরুদ্ধে সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর ও হয়রানির ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তরা আরও বলেন, আমাদের ব্যবসায় নিরাপত্তাহীনতা অব্যাহত থাকে এবং ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না যায়, তাহলে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফলে ইন্টারনেট সেবা খাতকে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা, স্মার্ট অবকাঠামো নির্মাণ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইএসপি শিল্পের নিরাপত্তা ও সুরক্ষা গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলন শেষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক মানব বন্ধনে বক্তব্য রাখেন রাজিব শাহরিয়ার রুবেল, নিয়াজ মোর্শেদ, ফরহান ফুয়াদ, ওমর ফারুক মুন্না, মিরাজুল ফয়েজ, আনিসুজ্জামান, রাশেদুজ্জামান সংগঠন সদস্যরা।

| ১৫ জুলাই ২০২৬







