বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর মোড়ক উন্মোচন
আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ নামে স্মরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু সহ আমন্ত্রিত অতিথিরা। মোড়ক উন্মোচন শেষে জোন কমান্ডার আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার কপি তুলে দেন।
স্মরণিকাটির প্রথম সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরার একটি নতুন উদ্যোগের সূচনা হলো।
এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

| ১৩ নভেম্বর ২০২৬














