কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. হারুনুর রশীদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কাপ্তাই উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন চলমান সমস্যা ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, “কাপ্তাইকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”

| ১০ নভেম্বর ২০২৬
















