| ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ছবি- প্রতিকী

 

কাপ্তাই ও রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা থানা আওতাধীন এলাকায় খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের সাহসিকতায় হাতেনাতে আটক হওয়া এক ছিনতাইকারীকে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে অপর এক সহযোগী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ‘ভেনটিস মিশন হোস্টেল’ নামক আবাসিক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত আটককৃত ব্যক্তির নাম মো. রফিক (২৩)। তিনি বাঙ্গালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। এছাড়া পলাতক আসামির নাম মো. আকাশ (২৪), পিতা: মোহাম্মদ আলী করিম, রাজস্থলী সুফিপুর।

পুলিশ জানিয়েছে, পলাতক আকাশ এর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় পূর্বে দায়েরকৃত চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার সহধর্মিণী হেনা ত্রিপুরাকে লক্ষ্য করে দুই যুবক খেলনা পিস্তল দেখিয়ে জিম্মি করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং ৭৫ হাজার টাকা সমমূল্যের ৩টি স্বর্ণের আংটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ​এ সময় ভুক্তভোগী হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং ধাওয়া করে মো. রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী আকাশ অপর ১টি স্বর্ণের আংটি ও নগদ ২ লক্ষ টাকাসহ পালিয়ে যায়। ​পরবর্তীতে স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক গুরুতর আহত হলে সন্ধ্যা ৭টায় তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছবিটি গ্রাফিকস ডিজাইন তৈরি করা।

রাইখালীতে দোকানে গিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা, অবশেষে ধরা পড়ল ভুয়া এনএসআই সদস্য

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে দীর্ঘ চার মাস ধরে চাঁদা আদায়ের অভিযোগে মো. সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাইখালী বাজার এলাকার মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামের একটি দোকান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত সাইদুর রহমান গত চার মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ওই দোকান থেকে এনএসআই সদস্য পরিচয়ে চাঁদা নিয়ে আসছিলেন। সম্প্রতি তার আচরণে দোকান মালিকের সন্দেহ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি আবারও দোকানে চাঁদা নিতে গেলে মালিক স্থানীয়দের সহায়তায় ও থানায় খবর দিয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই করেন এবং তাকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে নিশ্চিত করে থানা হেফাজতে নেন।

আটককৃত মো. সাইদুর রহমানের স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি (মুসলিম পাড়া) এলাকার মো. বাদশা মিয়া ও মোসা. ছকিনা বেগম দম্পতির সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রোজারহাট এলাকায় বসবাস করছিলেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন কর্মকর্তা।

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি ঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদের জন্য শুকনা খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্নাহী কর্মকর্তা।

আজ (১০ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডাল, তেল, চিনি, মুড়ি, লবণ, জগ, কম্বল, গ্লাস, নগদ টাকা, চানাচুর, আলু ও চিড়া।

ত্রাণ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এই কঠিন সময়ে ইউএনও স্যার নিজে এসে আমাদের খোঁজ-খবর নিয়ে খাবার, কম্বল আর টাকা দিয়ে গেছেন এটাই আমাদের জন্য এখন অনেক বড় পাওয়া।

নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। প্রাথমিকভাবে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আরও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সুইপ্রু মারমা (৬৬) আর নেই। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিলাইছড়ি উপজেলা বিএনপি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুইপ্রু মারমা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি চার মাসেরও বেশি সময় ধরে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর পিতার নাম উষা মারমা এবং মাতার নাম নাংজি মারমা। বুধবার (১১ নভেম্বর) নিজ গ্রাম ধুপ্যাচরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এক শোকবার্তায় বিলাইছড়ি উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, সুইপ্রু মারমার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। তাঁর কর্ম, অবদান ও স্মৃতি সবার মাঝে শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শোকাহত পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও ধৈর্য ধারণের সামর্থ্য কামনা করা হয়।

×